বাংলাখবর
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ ইসরায়েলি বিচারকদের
বাংলা খবর ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে চলমান মামলা প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন দেশটির আদালতের বিচারকেরা। এতে রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াইয়ে থাকা নেতানিয়াহু বড় ধরনের স্বস্তি পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বুধবার জেরুজালেম জেলা আদালতের বিচারকেরা দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে ডেকে মামলাগুলোর অগ্রগতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান। নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান তিনটি দুর্নীতির মামলার প্রথমটিতে দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেন তারা। দ্বিতীয় মামলায় তার কর্মকাণ্ড আদৌ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারকেরা। তৃতীয় মামলায় সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির বিষয়টি বিবেচনার পরামর্শ দেন তারা।
বিচারকদের এমন পর্যবেক্ষণের পর নেতানিয়াহু বুধবারই তার বিচার ‘অবিলম্বে’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার, আমার পরিবার ও আমার ছেলের জন্য ১০ বছরের ভয়াবহ দুর্ভোগ বয়ে গেছে। ঘৃণা ছড়ানোর ১০ বছর, যা আত্মাকে ক্ষতবিক্ষত করে।’
২০১৯ সালে প্রথমবারের মতো নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে সাম্প্রতিক ইসরায়েল-গাজা যুদ্ধসহ বিভিন্ন কারণে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে।
তিন মামলায় যেসব অভিযোগ
বিচারকদের সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছে ‘কেস ৪০০০’ নামে পরিচিত মামলাটি। এতে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী অংশীদারের সঙ্গে নেতানিয়াহুর একটি ‘পারস্পরিক সুবিধা বিনিময়ের ব্যবস্থা’ ছিল। এর আওতায় প্রতিষ্ঠানটিকে সরকারি সুবিধা দেওয়ার বিনিময়ে নেতানিয়াহু ও তার পরিবারের পক্ষে ইতিবাচক সংবাদ প্রচারের সুযোগ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে নেতানিয়াহু ও সংশ্লিষ্ট ব্যবসায়ী উভয় পক্ষই কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচারক রিভকা ফ্রিডম্যান-ফেল্ডম্যান অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, ‘নেতানিয়াহুর দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা কম। এতটাই কম যে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।’
‘কেস ২০০০’ নামে পরিচিত দ্বিতীয় মামলায় আরেকজন প্রভাবশালী গণমাধ্যম ব্যবসায়ীর সঙ্গে নেতানিয়াহুর কথিত সুবিধা বিনিময়ের অভিযোগ রয়েছে। বিচারকেরা প্রশ্ন তুলেছেন, এ মামলায় তার কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হওয়ার মতো পর্যায়ে পৌঁছেছে কি না।
অন্যদিকে ‘কেস ১০০০’ নামে পরিচিত তৃতীয় মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে এক অস্ট্রেলীয় ধনকুবেরের কাছ থেকে সিগার ও শ্যাম্পেন উপহার নেওয়ার বিনিময়ে তার স্বার্থসংশ্লিষ্ট কাজে সহায়তা করার অভিযোগ রয়েছে। এ মামলায় অবশ্য দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি বিচারকেরা।
তবে জনস্বার্থের কথা বিবেচনা করে পুরো বিচারপ্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া হবে, তা নতুন করে পর্যালোচনার প্রয়োজন বলে জানিয়েছেন তারা। অ্যাটর্নি জেনারেল বাহারাভ-মিয়ারা বিচারকদের সুপারিশ বিবেচনা করার কথা জানিয়েছেন।
রাজনৈতিক সংকটের মধ্যে স্বস্তি নেতানিয়াহুর
ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া দেশটির প্রথম প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বরাবরই নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করে আসছেন। বুধবারও তার বিরুদ্ধে আনা মামলাগুলোকে ‘মনগড়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, সেগুলো এখন ভেঙে পড়ছে।
গাজা যুদ্ধ চলাকালেও ক্ষমতায় ছিলেন নেতানিয়াহু এবং এ সময় আদালতে তার বিচারপ্রক্রিয়া চলতে থাকে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শুনানির সংখ্যা কমিয়ে দিয়েছিলেন বিচারকেরা।
নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগগুলো ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিভাজন তৈরি করেছে। তার বিচার চলার সময়ই সরকার বিচার বিভাগে ব্যাপক ও বিতর্কিত সংস্কার উদ্যোগ নিয়েছিল।
নেতানিয়াহুর বিরোধীদের অভিযোগ, কারাগারে যাওয়ার আশঙ্কা তার প্রধানমন্ত্রিত্বের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করেছে। ক্ষমতায় টিকে থাকতে তিনি উগ্র ডানপন্থী জোটসঙ্গীদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছেন বলেও দাবি তাদের।
সাম্প্রতিক আদালতের পর্যবেক্ষণ নেতানিয়াহুর জন্য এমন এক সময়ে স্বস্তি নিয়ে এসেছে, যখন নির্বাচনী অনিশ্চয়তার মধ্যে তার রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে রয়েছে। গত মাসের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর জোট প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোটের চেয়ে বেশি আসন পেলেও কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেনকটকে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন। বর্তমানে তিনি ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে জোট গঠনের চেষ্টা করছেন।
এদিকে গাজায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার আওতাতেও রয়েছেন নেতানিয়াহু। এসব অভিযোগও তিনি অস্বীকার করে আসছেন।
এই বিভাগের আরও খবর
সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা থালাপতি বিজয়ের
সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা থালাপতি বিজয়ের
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ ইসরায়েলি বিচারকদের
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ ইসরায়েলি বিচারকদের
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০
মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০
যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে
যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে
আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১
আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১
আগামী অর্থবছরের জন্য ৩৭০ বিলিয়ন ডলারের বাজেট পাস করল সউদী আরব
আগামী অর্থবছরের জন্য ৩৭০ বিলিয়ন ডলারের বাজেট পাস করল সউদী আরব
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন, স্বাগত জানালেন ট্রাম্প
এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন, স্বাগত জানালেন ট্রাম্প
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ৩১
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ৩১
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে
জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে
