বাংলাখবর
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
বাংলা খবর ডেস্ক : শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগ প্রযুক্তি দুনিয়ার প্রভাবশালী উদ্যোক্তাদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইলন মাস্কের মতো যেসব ধনকুবেরের ব্যবসায়িক সাম্রাজ্য অনেকটাই তাদের ব্যক্তিগত নেতৃত্বের ওপর নির্ভরশীল, তাদের উত্তরসূরির ইস্যুতে পরিকল্পনা কী হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, হুয়াংয়ের পতন দেখিয়ে দিয়েছে, প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য বলে বিবেচিত একজন শীর্ষ নির্বাহীকেও অল্প সময়ের মধ্যে দায়িত্ব ছাড়তে হতে পারে।
গত সপ্তাহে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া থেকে পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর মন্তব্যে প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক। ওই ব্যবহারকারী লিখেছিলেন, ‘প্রতিষ্ঠাতার জায়গা অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না।’ জবাবে মাস্ক লেখেন, ‘সত্য কথা।’
টেসলা ও স্পেসএক্সের নেতৃত্বে প্রায় দুই দশক ধরে রয়েছেন মাস্ক। প্রতিষ্ঠান দুটির বিনিয়োগকারীদের কাছে দীর্ঘদিনের উদ্বেগ হলো, মাস্ক দায়িত্ব ছাড়লে তার জায়গায় কে আসবেন, সে বিষয়ে স্পষ্ট পরিকল্পনা নেই। আর্থিক নথিতে দুই প্রতিষ্ঠানই জানিয়েছে, তাদের ব্যবসা মাস্কের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তার অনুপস্থিতি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের ক্ষতি, এমনকি বিপর্যয়ও ডেকে আনতে পারে।
স্পেসএক্সের শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য জমা দেয়া নথিতে বলা হয়েছে, মাস্কের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে মিল রয়েছে, এমন কাউকে খুঁজে বের করা এবং বাজারের আস্থা ধরে রাখার মতো উত্তরসূরি নিয়োগ করা দীর্ঘ ও অনিশ্চিত প্রক্রিয়া হতে পারে। টেসলার নথিতেও উত্তরসূরি পরিকল্পনার কথা রয়েছে। তবে মাস্কের এক লাখ কোটি ডলারের পারিশ্রমিক প্যাকেজের শেষ দুই কিস্তি পাওয়ার শর্ত হিসেবে তাকে এ পরিকল্পনার কাঠামো তৈরি করতে হবে।
শুধু মাস্ক নন, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। জাকারবার্গের মৃত্যু বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষমতা তৈরি হলে মেটার কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিনিয়োগকারীদের সতর্ক করেছে কোম্পানিটি। তবে তার জন্যও প্রকাশ্যে কোনো উত্তরসূরি পরিকল্পনা নেই।
করপোরেট সুশাসন বিশেষজ্ঞ নেল মিনো বলেন, প্রতিষ্ঠাতা-নির্ভর প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি পালনে ব্যর্থ হয়, তা হলো উত্তরসূরি তৈরি করা। তার মতে, প্রতিষ্ঠাতারা অনেক সময় মনে করেন, উত্তরসূরির নাম ঘোষণা করলে প্রতিষ্ঠানে তাদের প্রভাব কমে যেতে পারে।
স্পেসএক্সের বিনিয়োগকারী রস গারবারের মতে, হুয়াংয়ের ঘটনা মাস্কের সবচেয়ে বড় আশঙ্কার জায়গাটি সামনে এনেছে। তিনি বলেন, ইলনের চেয়েও বড় একজন ব্যক্তিকে এক সপ্তাহের মধ্যে সরিয়ে দেয়া হয়েছে। বিষয়টি মাস্ককে উদ্বিগ্ন করার মতো।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা, স্পেসএক্স, মেটা ও এনভিডিয়ায় অন্তত ২ লাখ ৮০ হাজার মানুষ কাজ করেন। প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বাজারমূল্য এসঅ্যান্ডপি ৫০০ সূচকের প্রায় ২০ শতাংশ। ফলে শীর্ষ নেতৃত্বে আকস্মিক পরিবর্তনের প্রভাব শুধু বিনিয়োগকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
তবে প্রতিষ্ঠাতারা চলে গেলে প্রতিষ্ঠান টিকতে পারে না, এমন ধারণাও ঠিক নয়। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পরও কোম্পানিটির বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অ্যালফাবেট, মাইক্রোসফট ও অ্যামাজনও প্রতিষ্ঠাতাদের প্রধান নির্বাহীর পদ ছাড়ার পর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই বিভাগের আরও খবর
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’
কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা
এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা
চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস
এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস
ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী
ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী
আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪
আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪
আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট, অংশ নিলেন ৪০ লাখ মানুষ
আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট, অংশ নিলেন ৪০ লাখ মানুষ
কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মে শাস্তির বিধান, সর্বোচ্চ জরিমানা ১৫ লাখ ডলার
কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মে শাস্তির বিধান, সর্বোচ্চ জরিমানা ১৫ লাখ ডলার
