বাংলাখবর
ক্যানসারের টিউমার সম্পূর্ণ নির্মূলে আশার আলো
বাংলা খবর ডেস্ক : ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা হতে পারেÑ এমন আশাবাদ তৈরি করেছে একটি পরীক্ষামূলক ইনজেকশনভিত্তিক ওষুধ। আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, অ্যামিভান্টাম্যাব নামের এই ওষুধ কিছু রোগীর ক্ষেত্রে টিউমার সম্পূর্ণভাবে বিলীন করে দিতে সক্ষম হয়েছে। বিশেষ করে যেসব রোগীর ক্যানসার কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির মতো প্রচলিত চিকিৎসায় সাড়া দিচ্ছিল না, তাদের মধ্যেও উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে। গবেষকদের ভাষায়, এই ফল ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে অভূতপূর্ব।
১১টি দেশে পরিচালিত আন্তর্জাতিক এই গবেষণায় এমন রোগীদের অন্তর্ভুক্ত করা হয়, যাদের ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছিল অথবা চিকিৎসার পর আবার ফিরে এসেছিল। অধিকাংশ ক্ষেত্রেই প্রচলিত চিকিৎসা পদ্ধতি ব্যর্থ হয়েছিল।
গবেষণায় মাথা ও ঘাড়ের ক্যানসারে আক্রান্ত ১০২ জন রোগীকে অ্যামিভান্টাম্যাব ইনজেকশন দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, ৪৩ জন রোগীর টিউমার আকারে ছোট হয়ে যায় বা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে ২৮ জনের টিউমার উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয় এবং ১৫ জন রোগীর ক্ষেত্রে টিউমার সম্পূর্ণ নির্মূল হয়ে যায়।
গবেষকদের মতে, চিকিৎসা শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই অনেক রোগীর ক্ষেত্রে নাটকীয় উন্নতি দেখা গেছে।
লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের (আইসিআর) জৈবিক ক্যানসার থেরাপি বিভাগের অধ্যাপক এবং রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের কনসালট্যান্ট অনকোলজিস্ট প্রফেসর কেভিন হ্যারিংটন বলেন, যেসব রোগীর ক্যানসার কেমোথেরাপি ও ইমিউনোথেরাপিÑ উভয় চিকিৎসার প্রতিই প্রতিরোধী হয়ে উঠেছে, তাদের মধ্যে আমরা অভূতপূর্ব শক্তিশালী প্রতিক্রিয়া দেখেছি। এ ধরনের রোগীদের চিকিৎসার বিকল্প অত্যন্ত সীমিত। তাই এ ধরনের ফলাফল সত্যিই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, এই চিকিৎসা প্রতিবছর হাজার হাজার রোগীর উপকারে আসার সম্ভাবনা রাখে।
কীভাবে কাজ করে অ্যামিভান্টাম্যাব?
গবেষকদের মতে, অ্যামিভান্টাম্যাব একটি ‘ট্রিপল-অ্যাকশন’ বা তিনমুখী কার্যপ্রণালির ওষুধ। এটি ইজিএফআর (এপিডারমাল গ্রোথ ফ্যাক্টর রেসিটর) নামের একটি প্রোটিনকে বাধা দেয়, যা টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত করে; মেট পাথওয়ে বন্ধ করে দেয়, যা ক্যানসার কোষগুলো চিকিৎসা
এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। একই সঙ্গে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে, যাতে তা ক্যানসার কোষের বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করতে পারে।
এই বহুমাত্রিক কার্যকারণই ওষুধটির সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, মাথা ও ঘাড়ের ক্যানসারের পাশাপাশি ফুসফুসের ক্যানসার রোগীদের মধ্যেও ওষুধটি আশাব্যঞ্জক ফল দেখিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত অ্যামিভান্টাম্যাব বর্তমানে প্রায় ৬০টি ক্লিনিক্যাল ট্রায়ালে মূল্যায়নাধীন রয়েছে। এসব গবেষণার বড় অংশ ফুসফুসের ক্যানসার নিয়ে হলেও কোলোরেক্টাল, মস্তিষ্ক ও পাকস্থলীর ক্যানসার নিয়েও পরীক্ষা চলছে।
এই চিকিৎসা থেকে উপকৃত প্রথমদিকের রোগীদের একজন কার্ল ওয়ালশ (৫৬)। ২০২৪ সালের মে মাসে তার জিহ্বার ক্যানসার ধরা পড়ে। পরে ২০২৫ সালের জুলাইয়ে তিনি রয়্যাল মার্সডেন হাসপাতালে পরিচালিত ওরিগএএমআই-৪ ট্রায়ালে অংশ নেন।
ওয়ালশ জানান, প্রথমে আমাকে কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো সফল হয়নি। এরপর আমাকে ওরিগএএমআই-৪ প্রায়ালে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে আমি চিকিৎসার ১৭তম চক্রে আছি এবং এ পর্যন্ত অগ্রগতিতে খুবই সন্তুষ্ট। তিনি বলেন, চিকিৎসা শুরুর আগে তার কথা বলতে ও খাবার খেতে কষ্ট হতো। টিউমারের কারণে মুখে ফোলাভাব ও তীব্র ব্যথা ছিল। চিকিৎসা শুরু হওয়ার পর ফোলাভাব অনেক কমে গেছে, ব্যথাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কেমোথেরাপির সময় যে জীবনযাত্রাবিধ্বংসী পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ছিল, সেগুলোও আর নেই।
ওয়ালশ জানান, এক সময় তাকে শুধু স্যুপ, রাইস পুডিং, টিনজাত খাবার ও ওমলেট খেয়ে থাকতে হতো। ওজনও অনেক কমে গিয়েছিল। কিন্তু চিকিৎসার মাত্র দুই চক্রের পর খাদ্যাভ্যাস স্বাভাবিক হতে শুরু করে এবং ছয় মাসের মধ্যে তিনি প্রায় স্বাভাবিক খাবার খেতে সক্ষম হন।
অনেক ক্যানসার ওষুধ যেখানে শিরায় দীর্ঘ সময় ধরে প্রয়োগ করতে হয়, সেখানে অ্যামিভান্টাম্যাব ত্বকের নিচে একটি ছোট ইনজেকশন হিসেবে দেওয়া হয়।
প্রতি তিন সপ্তাহে একবার এই ইনজেকশন দেওয়া হয়, ফলে চিকিৎসা দ্রুত সম্পন্ন করা যায় এবং বহির্বিভাগে (আউটপেশেন্ট) রোগীদের জন্য এটি অনেক বেশি সুবিধাজনক।
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ পার্শ্বপ্রতিক্রিয়া ছিল মৃদু থেকে মাঝারি মাত্রার। ১০ শতাংশেরও কম রোগী পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে চিকিৎসা বন্ধ করতে বাধ্য হয়েছেন।
গবেষকরা বিশেষভাবে উল্লেখ করেছেন, এই ট্রায়ালে এমন মাথা ও ঘাড়ের ক্যানসার রোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের ক্যানসার এইচআইভি-পজিটিভ ওরোফ্যারিঞ্জিয়াল স্কোয়ামাস সেল কার্সিনোমা ছিল না।
চিকিৎসাবিজ্ঞানে এইচআইভি-সম্পর্কিত নয়, এমন মাথা ও ঘাড়ের ক্যানসার সাধারণত বেশি কঠিন এবং চিকিৎসায় কম সাড়া দেয়। ফলে এই রোগীদের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গবেষকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।
গবেষণার তথ্য অনুযায়ী, অ্যামিভান্টাম্যাব গ্রহণকারী রোগীরা চিকিৎসা শুরু করার পর গড়ে ১২ দশমিক ৫ মাস বেঁচে ছিলেন। এমন এক ধরনের ক্যানসারে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যেখানে প্রচলিত চিকিৎসা ব্যর্থ হলে রোগীদের ভবিষ্যৎ সাধারণত খুবই অনিশ্চিত হয়ে পড়ে।
ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের প্রধান নির্বাহী প্রফেসর ক্রিস্টিয়ান হেলিন বলেন, এই গবেষণা দেখিয়েছে যে, কঠোর বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে নতুন চিকিৎসা পদ্ধতির উন্নয়ন সীমিত বিকল্প থাকা রোগীদের জন্যও অর্থবহ অগ্রগতি এনে দিতে পারে। এমন কঠিন রোগী গোষ্ঠীর মধ্যে টিউমারের এই মাত্রার প্রতিক্রিয়া এবং উৎসাহব্যঞ্জক বেঁচে থাকার ফলাফল নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অ্যামিভান্টাম্যাবের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক হলেও এটি এখনও গবেষণাধীন একটি চিকিৎসা পদ্ধতি। বৃহত্তর পরিসরে আরও গবেষণা ও দীর্ঘমেয়াদি মূল্যায়নের মাধ্যমে এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তবে প্রাথমিক ফলাফল বলছে, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে এই ইনজেকশন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বহু রোগীর জন্য নতুন আশার দ্বার খুলে দিতে পারে।
এই বিভাগের আরও খবর
ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক
ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক
ভাইরাল জ্বরের প্রকোপ ও রক্ত পরীক্ষার গুরুত্ব
ভাইরাল জ্বরের প্রকোপ ও রক্ত পরীক্ষার গুরুত্ব
অনুমোদন পেল বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা
অনুমোদন পেল বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক!
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক!
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ‘মারাত্মক ডায়রিয়ার’ সৃষ্টিকারী পরজীবী
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ‘মারাত্মক ডায়রিয়ার’ সৃষ্টিকারী পরজীবী
অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন ওষুধের অবিশ্বাস্য সাফল্য
অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন ওষুধের অবিশ্বাস্য সাফল্য
ক্যানসারের টিউমার সম্পূর্ণ নির্মূলে আশার আলো
ক্যানসারের টিউমার সম্পূর্ণ নির্মূলে আশার আলো
স্তন ক্যান্সারের লাখো রোগী এড়াতে পারবেন কেমোথেরাপি, বলছে গবেষণা
স্তন ক্যান্সারের লাখো রোগী এড়াতে পারবেন কেমোথেরাপি, বলছে গবেষণা
বাড়ছে লাশের সারি, হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
বাড়ছে লাশের সারি, হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
যুদ্ধের প্রভাব চিকিৎসায়, হিলিয়াম সংকটে এমআরআই নিয়ে শঙ্কা
যুদ্ধের প্রভাব চিকিৎসায়, হিলিয়াম সংকটে এমআরআই নিয়ে শঙ্কা
