বাংলাখবর
এআই নিরাপত্তায় শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে ট্রাম্পের চুক্তি
বাংলা খবর ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতিতে সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি স্বেচ্ছামূলক চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউসে এআই খাতের শীর্ষ নির্বাহীদের নিয়ে আয়োজিত মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে চুক্তিটি ঘোষণা করেন ট্রাম্প। এতে এআই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অ্যানথ্রপিক, ওপেনএআই, গুগল, মেটা, এক্সএআই ও এনভিডিয়া। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
‘জয়েন্ট কমিটমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপনসিবিলিটিজ’ নামের চুক্তির আওতায় প্রতিষ্ঠানগুলোর প্রধানরা এআই মডেল পর্যবেক্ষণে শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। এসব নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরে পৃথক দলও গঠন করা হবে।
এ ছাড়া নিরাপত্তাব্যবস্থাগুলো কার্যকর কি না যাচাই করতে স্বাধীন বহিরাগত নিরীক্ষকদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানগুলো। এআই ব্যবস্থার নিরাপত্তা বাড়াতে নিয়মিত বৈঠকের মাধ্যমে বিভিন্ন মানদণ্ড ও সর্বোত্তম চর্চা নির্ধারণের কথাও বলা হয়েছে।
তবে চুক্তিতে তৃতীয় পক্ষের মূল্যায়ন কারা করবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। ভবিষ্যতে এসব ব্যবস্থা আইন বা আনুষ্ঠানিক বিধিমালার আওতায় আনা প্রয়োজন হতে পারে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেছেন অ্যানথ্রপিকের দারিও আমোদেই, ওপেনএআইয়ের গ্রেগ ব্রকম্যান, গুগলের সুন্দর পিচাই, মেটার মার্ক জাকারবার্গ, এক্সএআইয়ের ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এআই খাতে ‘বৃহৎ মাত্রায় স্ব-নিয়ন্ত্রণ’ থাকা উচিত। তার প্রশাসন দ্রুত বিকাশমান প্রযুক্তিটির ওপর সরকারি নিয়ন্ত্রণের বিষয়ে সংশয়ী অবস্থান নিয়েছে।
এদিকে এআই নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রযুক্তি খাতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মতপার্থক্য রয়েছে। অ্যানথ্রপিকের আমোদেই এর আগে এআই উন্নয়নের গতি কমিয়ে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নিরাপত্তাব্যবস্থার সামঞ্জস্য রাখার আহ্বান জানিয়েছিলেন।
গত সপ্তাহে ২০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এআইকে মানুষের নিয়ন্ত্রণে রাখার জন্য বৈশ্বিক সমন্বয়ের আহ্বান জানিয়েছে। এ ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ ও তা বাস্তবায়নে একটি আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠনের সম্ভাবনার কথাও বলা হয়েছে।
তবে ট্রাম্প আন্তর্জাতিক বা অতিরাষ্ট্রীয় এআই নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে গত সপ্তাহে তিনি বলেন, এআই নিয়ন্ত্রণে কোনো ‘বৈশ্বিক ব্যবস্থা’ তৈরির প্রচেষ্টাকে তার প্রশাসন সমর্থন করবে না। চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান নাকচ করেছেন।
মানুষের নিয়ন্ত্রণের বাইরে এআই চলে যাওয়ার ঝুঁকি নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত আচরণ এবং প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার বিরুদ্ধে সাইবার হামলার ঘটনাগুলো এ আলোচনাকে আরও জোরালো করেছে।
সোমবার ওপেনএআই জানায়, অভ্যন্তরীণ পরীক্ষায় নিরাপত্তাঝুঁকি শনাক্ত হওয়ার পর তারা তাদের সর্বশেষ এআই মডেল প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট ও জাতীয় স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি ডেটাবেজে এআই এজেন্টের অনুমতি ছাড়া প্রবেশের ঘটনার ব্যবস্থাপনা নিয়েও প্রতিষ্ঠানটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে।
এই বিভাগের আরও খবর
এআই নিরাপত্তায় শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে ট্রাম্পের চুক্তি
এআই নিরাপত্তায় শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে ট্রাম্পের চুক্তি
শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
মুসলিমদের দুই ঈদকে ছুটির তালিকায় যুক্ত করলো ক্যালিফোর্নিয়া
মুসলিমদের দুই ঈদকে ছুটির তালিকায় যুক্ত করলো ক্যালিফোর্নিয়া
কংগ্রেস অনুমোদিত ৮০ কোটি ডলার আটকে দিতে চান ট্রাম্প
কংগ্রেস অনুমোদিত ৮০ কোটি ডলার আটকে দিতে চান ট্রাম্প
আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশে বাধা
আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশে বাধা
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
কানাডা যাচাই-বাছাই ছাড়াই ‘কোটি কোটি’ মানুষকে দেশে প্রবেশ করাচ্ছে: ট্রাম্প
কানাডা যাচাই-বাছাই ছাড়াই ‘কোটি কোটি’ মানুষকে দেশে প্রবেশ করাচ্ছে: ট্রাম্প
ওবামাকেয়ার থেকে সাড়ে সাত লাখ ব্যক্তিকে বাদ দিল ট্রাম্প প্রশাসন
ওবামাকেয়ার থেকে সাড়ে সাত লাখ ব্যক্তিকে বাদ দিল ট্রাম্প প্রশাসন
জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার
জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার
জাতিসংঘ অধিবেশন ঘিরে নিউইয়র্কে বোমা আতঙ্ক, সন্দেহজনক স্যুটকেস উদ্ধার
জাতিসংঘ অধিবেশন ঘিরে নিউইয়র্কে বোমা আতঙ্ক, সন্দেহজনক স্যুটকেস উদ্ধার
জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের
জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের
নিউ ইয়র্কের স্বার্থে এক টেবিলে ট্রাম্প-মামদানি
নিউ ইয়র্কের স্বার্থে এক টেবিলে ট্রাম্প-মামদানি